দেবাশীষ সরকার| কারমাইকেল নিউজ
২৪
রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের নতুন প্রধান ফটকের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে শিক্ষার্থী, শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার (৩ আগস্ট ২০২৬) অনুষ্ঠিত এ আয়োজনে কলেজের উন্নয়ন, ঐতিহ্য সংরক্ষণ এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রফেসর মামুনুর রশিদ।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন মুহাফিজ মোস্তফা, বহি শিখা রায় পূজা, মাহমুদুল হাসান এবং এবিএম ফাইজুর নবী সহস্র। তাঁরা নতুন প্রধান ফটক নির্মাণকে কলেজের অবকাঠামোগত উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন এবং ক্যাম্পাসের সার্বিক উন্নয়নে চলমান কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
শিক্ষক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন ইতিহাস বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম সাইফ, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক রাফিউল আলম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. বাহারুল আলম সিদ্দিকী এবং প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. অতুল চন্দ্র সরকার। বক্তারা কলেজের শতবর্ষের ঐতিহ্য রক্ষার পাশাপাশি আধুনিক ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক মো. রকিবুস সুলতান মানিক, সভাপতি প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, কারমাইকেল কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর ড. রেহেনা খাতুন, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোর্শেদ আহমেদ খান এবং কলেজের উপাধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবুল হোসেন মন্ডল নতুন প্রধান ফটক নির্মাণে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, নতুন এই প্রবেশদ্বার শুধু একটি স্থাপনা নয়, এটি কারমাইকেল কলেজের উন্নয়ন, সৌন্দর্যবর্ধন এবং অগ্রযাত্রার প্রতীক। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে কলেজ প্রশাসন ধারাবাহিকভাবে কাজ করে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা উপস্থিত ছিলেন। নতুন প্রধান ফটকের উদ্বোধনের মধ্য দিয়ে কারমাইকেল কলেজের অবকাঠামোগত উন্নয়নে আরেকটি নতুন অধ্যায়ের সূচনা হলো বলে উপস্থিত বক্তারা অভিমত ব্যক্ত করেন।
মন্তব্য করুন