কারমাইকেল কলেজের শিক্ষার্থীদের উত্থাপিত ৩৭ দফা দাবি বাস্তবায়ন নিয়ে স্পষ্ট কোনো অবস্থান না পাওয়ায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। কলেজের সমসাময়িক বিভিন্ন সমস্যা সমাধান ও দাবিগুলোর অগ্রগতি জানতে শিক্ষার্থীরা সম্প্রতি নবনিযুক্ত অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
শিক্ষার্থীদের একাংশের অভিযোগ, দায়িত্ব গ্রহণের প্রায় ২৭ দিন অতিবাহিত হলেও বর্তমান প্রশাসনের পক্ষ থেকে ৩৭ দফা দাবি বাস্তবায়ন বিষয়ে কোনো সুস্পষ্ট রোডম্যাপ বা বক্তব্য পাওয়া যায়নি। এমনকি অধ্যক্ষ এসব দাবি সম্পর্কে অবগত কিনা, তা নিয়েও শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।
এক শিক্ষার্থী বলেন, “নতুন অধ্যক্ষ স্যার ৩৭ দফা সম্পর্কে জানেন কিনা আমরা নিশ্চিত নই। না জানলে জানানো উচিত। এই দাবিগুলো নিয়ে কোনো টালবাহানা গ্রহণযোগ্য নয়। এটা শিক্ষার্থীদের প্রাণের দাবি, সিসিআরকে নতুন রূপে ফিরিয়ে আনার দাবি।”
শিক্ষার্থীরা জানান, আগের প্রশাসন দেরিতে হলেও কিছু কাজ শুরু করেছিল। কলেজ বাস সংযোজন, কিছু সিসি ক্যামেরা স্থাপন, গেট নির্মাণের বাজেট অনুমোদন, পুলিশ বক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল। যদিও সেসব কাজ পুরোপুরি বাস্তবায়িত হয়নি, তবুও উদ্যোগ দৃশ্যমান ছিল বলে তারা মনে করেন।
বর্তমান সময়ে এসব কাজের কোনো অগ্রগতি চোখে পড়ছে না বলে অভিযোগ শিক্ষার্থীদের। নতুন বাস চালু হয়নি, প্রধান গেটের কাজ শুরু হয়নি, পুলিশ বক্সে পুলিশ সদস্য নেই। আগের রুটে বাস চলাচল বন্ধ থাকায় অতিরিক্ত ভিড় ও ওভারলোডের সমস্যায় পড়ছেন শিক্ষার্থীরা।
এছাড়া কলেজ ক্যাফেটেরিয়ায় খাবারের মান ও আইটেম কমে যাওয়া, ক্যাম্পাসে মাদকের ব্যবহার বৃদ্ধি এবং বহিরাগতদের প্রবেশ করে মারামারির ঘটনাও উদ্বেগ বাড়াচ্ছে বলে শিক্ষার্থীরা জানান।
শিক্ষার্থীদের অভিযোগ, ৩৭ দফা দাবি নিয়ে কবে, কীভাবে এবং কোন প্রক্রিয়ায় কাজ করা হবে—এ বিষয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে কোনো স্পষ্ট বার্তা দেওয়া হয়নি। এভাবে চলতে থাকলে আবারও ‘আশ্বাসের মূলা ঝুলিয়ে রাখার’ পরিস্থিতি তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
এ বিষয়ে কলেজ প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন